৫৫ বছর পর রণাঙ্গনে ফিরছেন স্পিকার মেজর হাফিজ, ১ ডিসেম্বর কানাইঘাট-জকিগঞ্জ সফর
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৪৮,অপরাহ্ন ১২ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত

একাত্তরের রণাঙ্গনে যে জনপদে লড়েছিলেন, ৫৫ বছর পর সেই স্মৃতিবিজড়িত এলাকায় এক দিনের সফরে আসছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। বিজয়ের মাস আসছে ডিসেম্বরে তাঁর এই সফরে কানাইঘাট উপজেলার সাতবাঁক পরগণার দিঘীরপার এলাকায় শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তমের কবর জিয়ারত, জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং জকিগঞ্জ উপজেলা সদরে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, পানিসম্পদমন্ত্রী থাকাকালীন সময়েও মেজর হাফিজ এসেছিলেন এই জনপদে, কিন্তু সেটা ছিলো অন্য রাষ্ট্রীয় কর্মসূচী, সেটা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা পরিদর্শন কর্মসূচীর আওতায় ছিলো না।
জাতীয় সংসদের বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একাত্তরের রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা। সিলেট শহর এবং কানাইঘাট ও জকিগঞ্জকে হানাদারমুক্ত করার সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া মুক্তিবাহিনীর দলের সদস্য ছিলেন তিনি। এসব এলাকায় সম্মুখযুদ্ধে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি বীরবিক্রম খেতাবে ভূষিত হন। কানাইঘাট ও জকিগঞ্জের যেসব স্থানে সম্মুখযুদ্ধ সংঘটিত হয়েছিলো, সেসব যুদ্ধেও সরাসরি অংশ নিয়েছিলেন তিনি। এবার সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে সেই রণাঙ্গনের স্মৃতিবিজড়িত স্থানগুলোতেই ফিরছেন এই বীর মুক্তিযোদ্ধা।
এই সফর কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জনপদের সঙ্গে মেজর হাফিজের ব্যক্তিগত ও ঐতিহাসিক সম্পর্কের এক আবেগঘন পুনর্মিলন। একই সঙ্গে এই সফরের মধ্য দিয়ে কানাইঘাট ও জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক স্থানগুলোর যথাযথ সংরক্ষণ ও মর্যাদা দেওয়ার বিষয়টি নতুন করে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এই সফর কানাইঘাট ও জকিগঞ্জের উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই জনপদের সাহসী ভূমিকা এবং অসংখ্য বীরের আত্মত্যাগের স্মৃতি রোমন্থনের দিক থেকেও সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি কানাইঘাটের সাতবাঁক পরগনার দিঘীরপার এলাকায় শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তমের কবর জিয়ারত করবেন। এই কবরটি সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে ৩ নং দিঘীরপার ইউনিয়নে অবস্থিত। এই সফরের সময় জকিগঞ্জের চারিগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন। এ ছাড়া জকিগঞ্জ উপজেলা সদরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
চলতি বছরের ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান। ওই আলোচনায় তিনি নিজের নির্বাচনী এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি তুলে ধরেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে কানাইঘাট ও জকিগঞ্জে সংঘটিত ঐতিহাসিক সম্মুখযুদ্ধগুলোর কথা উল্লেখ করেন।
সিলেট-৫ আসনের এমপির বক্তব্য শুনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আবেগাপ্লুত হন। তাঁর চোখের সামনে ভেসে ওঠে একাত্তরের ২১ ও ২২ নভেম্বরের সম্মুখযুদ্ধের স্মৃতি। তিনি এই সময় এই জনপদের কিছু স্থানের নাম উল্লেখ করে সেথায় তাঁর যুদ্ধের অংশগ্রহণের স্মৃতিও তুলে ধরেন। সেই স্মৃতির সূত্র ধরেই কানাইঘাট ও জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং রণাঙ্গনের স্থানগুলো পরিদর্শনের আগ্রহ তৈরি হয়। সেই সময়ই মুফতি মোহাম্মদ আবুল হাসান তাঁর কার্যালয়ে সাক্ষাত করতে গেলে স্পিকার এই বছরের শেষের দিকে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা সফর করবেন বলে আগ্রহ প্রকাশ করেন। অবশেষে ৫৫ বছর পর সেই রনাঙ্গনের স্থানে আসছেন তিনি, যেথায় রয়েছে তাঁর স্মৃতি।
পুরো সিলেট অঞ্চলকে হানাদারমুক্ত করার ক্ষেত্রে কানাইঘাট ও জকিগঞ্জের ভূমিকা ছিল অপরিসীম। প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় এই অঞ্চলে পরিচালিত হয়েছেলো কয়েকটি সম্মুখযুদ্ধ। কানাইঘাটের মাটিতে যুদ্ধ করে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন নয়জন বীর মুক্তিযোদ্ধা। জকিগঞ্জের মাটিতেও যুদ্ধ করে খেতাব অর্জন করেন কয়েকজন মুক্তিযোদ্ধা। তাঁদের মধ্যে অনেকে জকিগঞ্জের আটগ্রাম, কানাইঘাটের সড়কের বাজার এবং উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন এলাকায় সম্মুখযুদ্ধে অংশ নিয়ে বীরত্বের স্বীকৃতি পান। অর্থাৎ এই দুই উপজেলার পাশাপাশি কিছু এলাকায় যুদ্ধ করে বিভিন্ন খেতাব পান কয়েকজন বিখ্যাত মুক্তিযোদ্ধা।
এই অঞ্চলের রণাঙ্গনে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বীরউত্তম খেতাব পান সেক্টর কমান্ডার মেজর (অব.) সি আর দত্ত, ক্যাপ্টেন মাহবুবুর রহমান ও ক্যাপ্টেন খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া। বীরবিক্রম খেতাবে ভূষিত হন বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও আবদুল আজিজ। এ ছাড়া মেজর (অব.) ওয়াকার হাসান, ফ্লাইট লেফটেন্যান্ট লিয়াকত আলী, শামসুল হক ও আবুল বাশার বীরপ্রতীক খেতাব পান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই অঞ্চলের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি দেশের একাধিক জায়গায় সম্মুখ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাব। এসব জায়গায়র মধ্যে কানাইঘাট ও জকিগঞ্জও ছিলো। জিয়াউর রহমান, মেজর হাফিজ– উনারা একাত্তরের ডিসেম্বরের শুরুতে কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রাম এবং ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কান্দিগ্রামে রাত্রী যাপন করেন। কান্দিগ্রাম থেকে দরবস্ত-হরিপুর হয়ে সিলেট শহরে গিয়ে যুদ্ধ করে সিলেট শহর মুক্ত করেন তারা।
কানাইঘাটের মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। তাঁদের মধ্যে খেতাবপ্রাপ্ত যোদ্ধাও রয়েছেন। ১ নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নে মমতাজগঞ্জ বাজার এলাকায় রয়েছে খেতাবপ্রাপ্ত এক বীরমুক্তিযোদ্ধার কবর। বীরউত্তম খেতাবে ভূষিত অকুতোভয় সেনানী ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবর সাতবাঁক ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গনে। ১৯৭১ সালের ২৬ নভেম্বর কানাইঘাটের দিঘীরপার এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটির বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন তিনি। তাঁর অসামান্য আত্মত্যাগ কানাইঘাটকে শত্রুমুক্ত করার পথ সুগম করেছিল। যুদ্ধের দিনই তাঁকে সাতবাঁক ঈদগাহ মাদ্রাসার কবরস্থানে সমাহিত করা হয়। এই যুদ্ধে মেজর হাফিজও অংশগ্রহণ করেছিলেন এবং তাঁর চোখের সামনেই ক্যাপ্টেন মাহবুবুর রহমান মারা যান। ক্যাপ্টেন মাহবুবকে এই মাটিতে সমাহিত করে তারা যুদ্ধের পরবর্তী পর্বে অংশগ্রহণ করেন।
আগামী ১ ডিসেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এই কবর জিয়ারত এবং চারিগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনে আসার কর্মসূচী রাখার জন্য স্পিকারের প্রতি শুভেচ্ছা। মেজর হাফিজ– আপনাকে কানাইঘাট ও জকিগঞ্জের মাটিতে স্বাগতম। একটি সুন্দর ও ঐতিহাসিক সফর কামনা করছি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানকে ধন্যবাদ জানাচ্ছি।
লেখক, এহসানুল হক জসিম
সিনিয়র সাংবাদিক
