মজুতদার অভিশপ্ত
প্রকাশিত হয়েছে : ৬:১৫:২৬,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৫০৩ বার পঠিত
ভাত আমাদের প্রধান খাদ্য। শহরের মানুষ দুই বেলা ভাত খেলেও গ্রামের মানুষের এখনও তিন বেলাই ভাত চাই। ভাতে আছে প্রচুর ভিটামিন ও দেহকে শক্তিশালী-কর্মক্ষম রাখার দারুণ সব উপাদান। কৃষিপ্রধান দেশের মানুষের কাছে তাই আবহমানকাল থেকেই ভাতের কদর একটু বেশিই যেন। ভাতের কদর বেশি হওয়ার আরেকটি কারণ হলো, সম্ভবত অল্প দামে ভাতের মতো বেশি পুষ্টিকর ও সাস্থ্যসম্মত খাবার আর দ্বিতীয়টি নেই। তাই অন্য খাবারের বিপরীতে ভাতেই মানুষের স্বস্তি ও প্রশান্তি মিলেছে যুগ যুগ ধরে।
ভাত হয় চাল থেকে। চাল আসে ধান থেকে। ধান আমাদের দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। আল্লাহর মেহেরবানিতে চাষাবাদের জন্য এদেশের জমিনের উর্বরতা ঈর্ষণীয় তো বটেই; উপমাযোগ্যও। তাই তো এদেশের মানুষ খুব দুর্ভিক্ষ ছাড়া কখনোই ভাতের অভাবে পড়েনি। না খেয়ে মরেনি। ভাত আর ভাতের মাড় খেয়ে সহজেই এদেশের মানুষ জীবনধারণ করত হাসিমুখে। আজ থেকে পনেরো বছর আগেও এমন দৃশ্য ছিল ঘরে ঘরে। অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে বদলেছে জীবনযাত্রার মান, খাদ্যাভ্যাসেও এসেছে নানা পরিবর্তন। কিন্তু ভাতের স্থান আছে আগের জায়গায়ই। এ থেকেও বোঝা যায়, ভাতের কদর এদেশের মানুষের কাছে কত বেশি। বাঙালির জীবনে ভাতের এত আদর-কদর সত্ত্বেও হঠাৎ করে চাল সাধারণের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ে কারও পরোয়া না করে। এর অন্যতম কারণ মজুতদারি ও মুনাফাখোরি। অথচ সাধারণ মানুষকে জিম্মি করে দাম বাড়ানোর লক্ষ্যে খাদ্য মজুত করা ইসলামের দৃষ্টিতে ভয়াবহ অপরাধ। এ ধরনের কুৎসিত চিন্তার মানুষকে রাসুল (সা.) সত্য-সুন্দরের ধর্ম ইসলামের বহির্ভূত বলে ঘোষণা করেছেন। হজরত মামার (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেনÑ ‘জনগণের জীবিকা সংকীর্ণ করে যে ব্যক্তি খাদ্যদ্রব্য গুদামজাত করবে, সে বড় অপরাধী। আর জেনে রাখ! সে পাপী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে।’ (মুসলিম : ১৬০৫, তিরমিজি : ১২৬৭)।
হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.) কে বলতে শুনেছি, ‘গুদামজাতকারী কতই না ঘৃণিত মানুষ। আল্লাহ তায়ালা দ্রব্যমূল্য কমিয়ে দিলে সে চিন্তিত হয়ে পড়ে। আর বাড়িয়ে দিলে সে আনন্দিত হয়।’ (শুআবুল ঈমান : ১০৪৪৫, মেশকাত : ২৭৭১)।
হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেনÑ ‘যে ব্যক্তি ৪০ দিন খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখবে (এর দ্বারা মানুষকে কষ্ট দেবে), সে এ সম্পদ দান করে দিলেও তার গোনাহ মাফের জন্য যথেষ্ট হবে না।’ (মেশকাত : ২৭৭২)।
খাদ্যদ্রব্য গুদামজাতকারী সম্পর্কে রাসুল (সা.) আরও বলেছেনÑ ‘যে ব্যক্তি আমদানি করবে, সে রিজিকপ্রাপ্ত হবে। আর যে গুদামজাত করবে, সে অভিশপ্ত হবে।’ (ইবনে মাজাহ : ২১৪৪, সুনান দারেমি : ২৪৬৪)। ধর্ম ও মানবিকতা কোনো দিক থেকেই মজুতদাররা সমর্থনযোগ্য নয়। তাই যারাই এ ধরনের হীন কাজের সঙ্গে জড়িত শিগগিরই আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তযোগ্য শাস্তি নিশ্চিত করা হোক। জনমনে শান্তি ফিরে আসুক, ‘মাছে-ভাতে বাঙালি’র জয় হোক!
