লাশের ঝুলন্ত ছবি দেখতে চাইনি…..
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:১৭,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৭৩৮ বার পঠিত
মো: মাহমুদুর রহমান: আশির দশকে আমাদের এলাকায় খুব ভালো কয়েকজন সংগঠক ছিলেন। তারা এলাকায় দুটো সফল ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। ঐ দুটো ক্লাবের মাধ্যমে জকিগঞ্জ উপজেলার মু্ন্সীবাজার এলাকার যুব সমাজের মধ্যে ঐক্যবদ্ধভাবে খেলাধূলা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হতো। এদের মধ্যে সর্বপ্রথম যে নাম উল্লেখ করতে হয় তিনি হচ্ছেন জনাব কামাল আহমেদ মজুমদার। স্কুল জীবনে দেখেছি কামাল চাচাকে ঘিরে এলাকার প্রায় সব সক্রিয় যুবক প্রতিষ্ঠা করেন শাপলা স্পোর্টিং ক্লাব। ক্লাব প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যে তাদের মাঝে কি নিয়ে মতানৈক্য হয়েছিল তা জানতাম না, কিন্তু মতানৈক্যের কারনে এই যুব সমাজের একটি অংশ প্রতিষ্ঠা করেন ’ব্রাদার্স আইডিয়াল স্পোর্টিং ক্লাব’। দুটো ক্লাবই নিবন্ধিত ছিল এবং সমান্তরালভাবে কার্যক্রম চালিয়ে যায় দীর্ঘদিন।
ব্রাদার্স আইডিয়াল স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, জকিগঞ্জের বলরামেরচকের জনাব আব্দুশ শুকুর, যার লাশের ছবি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দুদিন থেকে অনেক ফেবু বন্ধুর টাইমলাইনে দেখতে পাচ্ছি। অনেকের ধারনা তিনি আত্মহত্যা করেননি তাঁকে হত্যা করা হয়েছে। জায়গা-জমি নিয়ে পারিবারিক কিছু ঝামেলার কথাও শোনা যাচ্ছে। শুক্কুর চাচা ছিলেন প্রচন্ড মেধাবী, দক্ষ সংগঠক এবং পরিশ্রমী মানুষ। খর্বাকৃতির হওয়ায় এবং এলাকায় আরও কয়েকজন ব্যক্তি একই নামে থাকায় তাঁকে বাট্টি শুক্কুর বলে ডাকতেন অনেকে। পরবর্তীতে দীর্ঘ প্রবাসে তিনি কুয়েতী শুক্কুর হিসেবে পরিচিত ছিলেন। শুনেছি রিয়াদে যেকোনো বাঙ্গালী সমস্যায় পড়লে কুয়েতী শুক্কুরকে তারা কাছে পেতো। চিরকুমার শুক্কুর চাচাকে যদি হত্যা করা হয়ে থাকে তবুও তাঁর কোনো সন্তান নেই যে বিচারের জন্য থানা পুলিশ করবে কিংবা নিরবে চোখের জল মুছবে । তাই মুন্সীবাজার এলাকার যুবকদেরকে আমি আহবান জানাবো এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য ঐক্যবদ্ধভাবে প্রশাসনের উপর চাপ অব্যাহত রাখতে। খেয়াল রাখতে হবে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন।
শুক্কুর চাচার ঝুলন্ত লাশের ছবি আমি সহ্য করতে পারিনি, তাই ফেইসবুক থেকে ভালো একটি ছবি আপলোড করে দিলাম। দোয়া করছি রাহমানুর রাহিম যেন তাঁকে জান্নাতে স্থান দেন।
(অক্টোবর ২৪, ২০১৮
মিশিগান, যুক্তরাষ্ট্র।)

