১ ডিসেম্বর জকিগঞ্জকে ‘১৯৭১ সালের প্রথম মুক্ত এলাকা’ ঘোষণা করবেন স্পিকার
প্রকাশিত হয়েছে : ১১:৫২:৪৯,অপরাহ্ন ১২ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত

আগামী ১লা ডিসেম্বর জকিগঞ্জকে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ‘প্রথম মুক্ত এলাকা’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর উত্তম।
— কহেল রানা চৌধুরীঃ
বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন:
জাতীয় সংসদের হুইপ: জি কে গউছ
সংসদ সদস্যবৃন্দ: কলিম উদ্দিন আহমেদ মিলন, আবুল হাসান এবং অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও প্রতিক্রিয়া:
সাক্ষাৎকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর উত্তম উপস্থিত সংসদ সদস্যদের কাছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও ইতিহাস তুলে ধরেন। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিলেট অঞ্চলকে শত্রুমুক্ত করার বীরত্বগাথা শুনে উপস্থিত নেতৃবৃন্দ আবেগাপ্লুত হন।
এ বিষয়ে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তার পোস্টে উল্লেখ করেন, মৃত্যুকে খুব কাছ থেকে দেখা মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শোনা এই ঘটনাগুলোই আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস। এই ঐতিহাসিক ঘোষণা ও উদ্যোগের জন্য জকিগঞ্জসহ সিলেটবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়েছে।
