কালাম আজাদ…………
প্রকাশিত হয়েছে : ৩:৫৫:১৪,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫৮১ বার পঠিত

শাহাদাৎ চৌধুরী,
শৈশবে গ্রামের প্রাইমারী স্কুলে পড়ার সময় প্রায়ই তাঁর নাম শুনতাম। ঠিক নাম নয়, শব্দটা ছিলো ‘প্রিন্সিপাল।’ এই যেমন ‘প্রিন্সিপাল এসেছেন’, ‘প্রিন্সিপাল গিয়েছেন’, ‘প্রিন্সিপাল বলেছেন’; এরকম আর কি। আমাদের এওলাসার গ্রাম থেকে সবচেয়ে নিকটবর্তী গ্রামটিতে তাঁর বাড়ি। যদিও সে সময় আমার নিজের গ্রামেরই একজন ঢাকা মেডিকেল থেকে পাশ করে ডাক্তার হয়েছিলেন আর বাংলাদেশ হাইকমিশনে কূটনীতিবিদ হিসেবে কর্মরত ছিলেন আরেকজন, তথাপি আমার শিশু-মানসে তাঁর প্রভাবটাই পড়েছিলো বেশি। মনে আছে খুব ছোটবেলায় গ্রামে তাঁর সম্পর্কে শুনে শুনে (তখনো তাঁকে দেখার সুযোগ হয়নি) নিজের মধ্যে এমন একটা ধারনার জন্ম হয়েছিলো যে এই ‘প্রিন্সিপাল’ লোকটিই বুঝি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ। এরই নাম বোধহয় ‘ব্যাক্তি ইমেজ’, এটিকেই সম্ভবত ‘ব্যক্তিত্ব’ বলে।
অনেক পরে বড় হয়ে শুনলাম তাঁর নাম ‘আবুল কালাম খান আজাদ।’ তারও অনেক পরে শুনলাম তাঁর নাম ‘কালাম আজাদ,’ কবিতা লিখেন, অর্থাৎ কবি। তখন আমার নিজের কবিতা চর্চা বলতে ছিলো কেবল বাংলা সাহিত্যের বিখ্যাত কবিদের কবিতার বই পড়া। সমসাময়িক কবিদের আধুনিক কবিতার বই তখনও পড়া শুরু করিনি। একদিন হাতে এলো ৪৮০ পৃষ্ঠার বিশাল কাব্য গ্রন্থ ‘মৃত্তিকার ছাইভস্ম।’ শুরু করলাম কবিতা পড়া, লিখে ফেললাম কিছু কবিতা। বলা যায় আমার কাছে কবি কালাম আজাদের ‘মৃত্তিকার ছাইভস্ম’ ছিল একটা মন্ত্র যার মাধ্যমে আমি আধুনিক কবিতা পড়া শুরু করেছিলাম। এখন আমার ‘ফেসবুক ফ্রেন্ড লিস্ট’ থেকে অন্তত দশ জন কবির নাম বলতে পারবো যাদের কবিতার পোস্ট আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি এবং কবি হিসেবে দেশে তাঁরা যথেষ্ট সুনামও কুড়িয়েছেন। এদের অনেকের লেখা কবিতার বই আমার সংগ্রহে আছে। এ সবকিছুরই শুরু হয়েছিল ঐ ‘মৃত্তিকার ছাইভস্ম’ দিয়ে। অর্থাৎ ছোটবেলার মত বড়বেলায়ও কালাম আজাদ তাঁর প্রভাবখানি আমার উপর জারি রেখেছেন।
‘জালালাবাদ কবি ফোরাম’ এর উদ্যোগে শুক্রবার থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে দুই দিন ব্যাপী ‘কবি কালাম আজাদ সাহিত্য উৎসব-১৯।’ কালাম আজাদের মত একজন সিনিয়র কবিকে উৎসর্গকৃত একটি সাহিত্য উৎসব এটি। একদিকে গুনীজনের সম্মাননা, অন্যদিকে তরুণ সাহিত্যপ্রেমীদের উৎসাহিত করার চেষ্টা। চিন্তাটা দারুন বটে। চটপটে তরুণ সিদ্দিক আহমদ একজন সফল সংগঠক। ইতিমধ্যে তাঁর উদ্যোগে সিলেটে বেশ কিছু সফল সাহিত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে, এবারেরটাও সফল হবে নিশ্চয়।
ভার্চুয়াল জীবনের যান্ত্রিকতার এই সময়টাতে তরুণ-তরুণীদের সৃজনশীলতার দিকে ধাবিত করার এমন প্রয়াস আমাদেরকে আলো দেখায়, জাগিয়ে তোলে আশা। নবীনদের উৎসাহিত করার এমন আয়োজনে আমি সিলেটের সকল পেশার মানুষকে একবারের জন্য হলেও চৌহাট্টার শহীদ সুলেমান হলে ঢুঁ মেরে আসার অনুরোধ করছি। সুশীল সমাজের সবার সাথে ‘জালাবাদ কবি ফোরাম’ হয়তো সঠিক ভাবে যোগাযোগ করতে পারেনি, পৌঁছাতে পারেনি দাওয়াতপত্র। কিন্তু সমাজে ইতিবাচক পরিবর্তনের আশা নিয়ে যে উদ্যোগ, সে উদ্যোগে দাওয়া্তের দরকার হয় না। উদার মনের মানুষেরা নিজ থেকেই শতস্ফুর্ত হাজির থেকে তা সফল করতে চেষ্ঠা করবেন এমন আশা করাই যায়। ফোরামেরও উচিৎ হবে যারাই অনুষ্ঠানে আসবেন তাঁদের সবাইকে সঠিক সম্মান দেখিয়ে যথাযথ মূল্যায়ন করা।
জালালাবাদ কবি ফোরামের এই সাহিত্য উৎসবটি একটি সাহিত্য আন্দোলনে রুপ নিক, অনুপ্রাণিত হউক হাজারো মানুষ। আর এমন অন্দোলনে এগিয়ে আসুক আরো অনেক সাহিত্যবোদ্ধা। সাহিত্যমোদি বিত্তবানদের কাছ থেকে আসুক হৃদয় নিংড়ানো ভালোবাসা আর উদার পৃষ্ঠপোষকতা। সাহিত্যাঙ্গনের সকল প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিকেরা তাঁদের নিজ নিজ অবস্থান থেকে এমন আরো অনেক সফল অনুষ্ঠন সম্পন্ন করুক এমন প্রত্যাশা আজ করাই যায়।
লেখক, সহযোগী অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
