“কাশ্মীর সংকট”:”শান্তিই প্রকৃত শক্তি”
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৪৩,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৬ | সংবাদটি ১১৪৪ বার পঠিত
ভূস্বর্গ কাশ্মীর’ অনেক দিন থেকেই এক অভিশপ্ত এলাকা হয়ে দাঁড়িয়েছে।একদিকে পুঞ্জীভূত ক্ষোভ,সহিংস প্রতিবাদ পাকিস্তানের অব্যাহত উসকানি অন্যদিকে সেখানে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর দমননীতি।ফলে রক্তে ভিজে লাল সবুজ কাশ্মীর উপত্যকা।এ জন্য কাকে দায়ী করবেন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক?অবশ্যই দায়ী বিভাগোত্তর ভারত সরকার ও সেই ধারাবাহিকতায় কংগ্রেসসহ একাধিক রাজনৈতিক মতাদর্শের সরকার।বেশ কয়েক বছর আগে কাশ্মীরে সেনা মোতায়েন এবংসেনাবাহিনীর সশস্ত্র সহিংসতায় অবস্থা ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগ যতই দাবি করুক অবস্থা নিয়ন্ত্রণে,অবস্থা আদৌ শুভবার্তা বহন করে না।সাম্প্রতিককালে কাশ্মীরে চলমান অরাজকতা রাজ্যটির সাধারণ জনগণের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটাচ্ছে।কাশ্মিরের ভারত শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বক্তব্যে বিরাজমান সমস্যাকে আরো প্রকট করে তুলেছে। অনেকটা আগুনে কেরোসিন ঢালার মতো।মেহবুবা মুফতি কাশ্মীরে চলমান সমস্যার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন।তার এই উক্তি রাজ্যটিকে যুদ্ধের দিকে ঠেলে দিবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।কাশ্মিরে চলমান কারফিউ এবং এর মধ্যে ব্যাপক ধরপাকড়, ছররা গুলি বর্ষণ প্রভৃতির কারণে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, দাপ্তরিক কার্যক্রম ও বন্ধ হয়ে আছে ফলে সেখানকার উন্নয়ন কর্মকান্ড এখন অনেকটা ঝিমিয়ে পড়েছে।কাশ্মীর ইস্যুতে পাকিস্তান বরাবরই আন্তর্জাতিক সমর্থন চেয়ে আসছে এবংসমপ্রতি তারা এ বিষয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে।যদিও সমপ্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যেকার বৈঠকে যুক্তরাষ্ট্র এ বিষয়ে মধ্যস্থতায় অস্বীকৃতি জানায়।যুক্তরাষ্ট্র সে সময় ভারতের সঙ্গে সকল মতপার্থক্য দ্বিপাক্ষিকভাবে সমাধানের জন্য পাকিস্তানের প্রতি আহবান জানায়।
অন্যদিকে ভারতও সবসময়ই চায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততা ছাড়াই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে এসব সমস্যার সমাধান হোক।পাকিস্তান সেনাবাহিনীর জন্য কাশ্মীর বিভক্তির ইস্যুটি সর্বদা একটি অমীমাংসিত বিষয় এবংভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত ৪টি যুদ্ধ সংঘটিত হয়েছে, যার তিনটিই হয়েছে কাশ্মীর নিয়ে (১৯৪৮, ১৯৬৫ ও ১৯৯৯)। কিন্তু ভারত চায় পাকিস্তানের সাথে সকল বিতর্কের নিষ্পত্তি হোক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে। ১৯৪৭ সাল থেকেই পাকিস্তান বলে আসছে এই বিতর্কের মূলে রয়েছে তিনটি পক্ষ। এর একটি ভারত, অন্যটি পাকিস্তান আর তৃতীয়টি হচ্ছে জম্মু-কাশ্মীরের জনগণ।যদিও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পাকিস্তান কখনও কিছুই বলে না।১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পরে পাক-ভারত উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তন আসে।ভারতকে বিভক্ত করা হয় জন্ম নেয় পাকিস্তান ও ভারত। কাশ্মির তখন রাজা হরি সিং এর অধীনে ছিলো। সে সময় ভারত-বিভাজনের অন্যতম শর্ত ছিল, ভারতের দেশীয় রাজ্যের রাজারা ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারবেন,অথবা তাঁরা স্বাধীনতা বজায় রেখে শাসনকাজ চালাতে পারবেন। হরি সিং ভারত বা পাকিস্তান এর কোনোটিতেই যোগদান না করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার অভিপ্রায় ব্যক্ত করলেন। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তাকে একই বছরের ২৫ অক্টোবর ভারত-ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করতে হয় এবং ভারতের শাসন মেনে নিতে হয়।পাকিস্তান এ সময় কাশ্মিরের পশ্চিম অংশ দখল করে নেয় এবং আজাদ কাশ্মির নামে তা নিয়ন্ত্রণ করে।এই অঞ্চলটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবংতারা নিজেদেরকে পাকিস্তানের অংশ বলে দাবি করে বলে পাকিস্তান বলে আসছে।
ভারত বিভাগ পরিকল্পনার নীতিতে ছিল এমন ধারা যে দেশীয় রাজ্যগুলোকে ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে হবে।তাদের স্বাধীন অস্তিত্বের কোনো সুযোগ নেই বাস্তবতা এমনই ছিল।কিন্তু তাদের অনেকেরই ইচ্ছা পরাধীনতামুক্ত ভারতে স্বাধীন মর্যাদা ভোগ, বিশেষ করে ভুপাল, হায়দরাবাদের মতো কয়েকটি দেশীয় রাজ্য সে ইচ্ছা গোপন করেনি। কাশ্মীর রাজ হরি সিংও তাঁদের একজন।ভারত ভাগের সঙ্গে যেমন অনেক রাজনৈতিক সমস্যা জড়িত ছিল,তেমনি ছিল দেশীয় রাজ্যগুলোতেও। বিশেষত ধর্মীয় ভিত্তিতে দেশ বিভক্ত হওয়ার কারণে। যেমন হায়দরাবাদে শাসক মুসলমান কিন্তু জনসংখ্যার গরিষ্ঠ অংশ হিন্দু, একই ঘটনা ভূপালে। অন্যদিকে কাশ্মীরের মতো দেশীয় রাজ্যের শাসক হিন্দু, কিন্তু জনসংখ্যার প্রধান অংশ মুসলমান।ধর্মীয় দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ কতটা অবাস্তব পরিকল্পনা তা পদে পদে বোঝা যাচ্ছিল। দেশের সর্বনিম্ন ইউনিট গ্রাম পর্যন্ত হিন্দু-মুসলমান জনতার এমন মিশ্র বসবাস যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ ছিল কার্যত এক অসম্ভব পরিকল্পনা। জবরদস্তির সে ভাগ অবিশ্বাস্য রক্তপাতের কারণ হয়েছে, এমনকি এখনো হচ্ছে। সে দুর্ভাগ্য পাঞ্জাবের পর সবচেয়ে বেশি কাশ্মীরের।পাকিস্তানের উপজাতীয় মুজাহিদ যোদ্ধাদের দ্বারা আক্রান্ত হয়ে কাশ্মীর রাজের কানে পানি। ধীরচিত্তে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হারিয়ে রাজার নজর নয়াদিল্লির দিকে। এর আগে কাশ্মীরের জনপ্রিয় রাজনৈতিক নেতা, ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান শেখ আবদুল্লাহকে কারাগারে পাঠিয়ে শান্তি খুঁজেছিলেন রাজা। শেখ আবদুল্লাহকে মুক্তি দিয়ে তাঁর সঙ্গে বিবাদ মিটিয়ে নিতে জওহরলাল নেহরুর পরামর্শ অগ্রাহ্য করেছিলেন কাশ্মীর রাজ এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ করে।
শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তখন পাকিস্তানি উপজাতীয়দের আক্রমণ, লুটতরাজ ও তাদের হাতে ইজ্জতহানির আশঙ্কায় ব্যাপক ভীতি ও আতঙ্ক, চলছে শহর ছাড়ার উদ্যোগ, যে যেদিকে পারে।রাজা নিজেও তাঁর পরিবার নিয়ে আতঙ্কিত। অপেক্ষা কখন ভারতীয় সৈন্য এসে তাঁকে বাঁচাবে, রাজ্যের শান্তি ফিরিয়ে দেবে।
এ ব্যাপারে মহারাজার উদ্বিগ্ন আবেদনে দিল্লি সাড়া দিতে দেরি করেনি। এ সিদ্ধান্তে লর্ড মাউন্টব্যাটেনের সমর্থন ছিল কাশ্মীরে অবস্থানরত ইউরোপীয়দের নিরাপত্তার কথা ভেবে। মহারাজাকে প্রধানমন্ত্রী নেহরুর পরামর্শ অবিলম্বে জননেতা শেখ আবদুল্লাহর নেতৃত্বে অন্তর্র্বতী কালীন সরকার গঠন করার জন্য, যাতে জনমত বিপরীত দিকে চলে না যায়।শেষ পর্যন্ত হরি সিংয়ের কাশ্মীর রক্ষা পেল ভারতীয় সামরিক সহায়তায়, কাশ্মীর ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হলো বিশেষ কিছু সুবিধাসহ, পাকিস্তানি উপজাতীয় যোদ্ধাদের লক্ষ্য অর্জন না করেই ফিরে যেতে হলো, তবে তা আজাদ কাশ্মীর পাকিস্তানে রেখে। এরই মধ্যে দিল্লি জাতিসংঘে অভিযোগ জানিয়ে রাখল কাশ্মীর আক্রমণে পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকা সম্পর্কে। আপাত শান্তি সত্ত্বেও হুতোমের ভাষায় বলতে হয় ‘তবু হুজুগ মিটল না।হুজুগ না মেটার কারণ মূলত কাশ্মীরের বিশেষ সুবিধাদিবিষয়ক শর্ত পূরণে নয়াদিল্লির ব্যর্থতা, শেখ আবদুল্লাহর সঙ্গে রাজনৈতিক সংঘাতে প্রবৃত্ত হওয়া, সেই সঙ্গে মুসলিম লীগ রাজনীতির প্রভাবে কাশ্মীরের মুসলমান জনতার একাংশে বিরাজমান পাকিস্তানপ্রীতি, আর রাজনীতি সচেতন অংশের স্বাধীন কাশ্মীরের আকাক্সক্ষা। একাধিক ধারায় রাজনৈতিক চেতনা জোর কদমে মাথাচাড়া দিয়ে উঠত না যদি নয়াদিল্লির রাজনৈতিক পদক্ষেপ কাশ্মীর সম্পর্কে গণতান্ত্রিক সুশাসননীতির পরিচয় দিতে পারত।ফলে কাশ্মীরি জনতার মধ্যে অসন্তোষ ও বিক্ষোভ স্থায়ী বিষয় হয়ে দাঁড়ায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চলতি বছরের জুলাই মাসে রাশিয়ার উফায় বৈঠককালে একমত হন যে, তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা উভয়ের মধ্যে শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়ে কথা বলবেন। কিন্ত পাকিস্তান পরে তার অবস্থান পরিবর্তন করে উল্লেখ করে যে, উপদেষ্টা পর্যায়ের যে কোন আলোচনায় অবশ্যই কাশ্মীরের বিষয়টি থাকতে হবে। ভারত এতে অস্বীকৃতি জানিয়ে বলে এই ধরনের ধারাবাহিক আলোচনায় এটি কোন লক্ষ্য হতে পারে না। এর ফলে পাকিস্তান তার দিল্লীতে নির্ধারিত ২৩ আগস্টের বৈঠক বাতিল করে। ১৯৪৮ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে পাকিস্তান কাশ্মীর বিষয়ে জাতিসংঘ প্রস্তাবনা সমর্থন করে আসছে। যার চূড়ান্ত প্রস্তাবনায় বলা হয়েছে, কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতেই কেবলমাত্র যে কোন সমস্যার সমাধান হতে পারে।কাশ্মীর সংকট নিষ্পত্তিতে পাকিস্তান চাইছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মত পরাশক্তিকে দৃশ্যপটে আনতে, অন্যদিকে ভারত বরাবরই কাশ্মীর ও অন্যান্য সকল বিরোধের নিষ্পত্তি হতে হবে দ্বিপাক্ষিকভাবে ১৯৭২ সালে ভারত-পাকিস্তান সিমলা চুক্তির আলোকে এ মূলনীতিকে আঁকড়ে ধরে আছে। সিমলা চুক্তির আলোকে ভারত পাকিস্তানের সঙ্গে যে কোন বিরোধ নিষ্পত্তিতে তাইতো ভারত তৃতীয় কোন পক্ষের উপস্থিতির বিরুদ্ধে।জম্মু ও কাশ্মীরের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে চায় নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদী আগামী ৭ নভেম্বর কাশ্মীর সফর করছেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পিডিপির মুফতি মোহাম্মদ সাঈদ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর জম্মু-কাশ্মীরের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট বলে বিবেচিত হবে এবং এর মধ্যদিয়ে এখানকার জনগণের মধ্যে এক বিশাল প্রত্যাশার জন্ম নিয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাঁর জম্মু-কাশ্মীর সফরকালে সেখানে একটি বড় বিদ্যুত্ প্রকল্পেরও উদ্বোধন করবেন বলে জানা গেছে।
নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে যেসব সন্ত্রাসী ঘটনা ঘটছে, যার দরুণ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তা প্রশমনের ব্যাপারে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেছেন।এতে করে অনুমান করা যায় আপাতত উত্তেজনা প্রশমিত হতে পারে। তবে এখানেই শেষ না, কাশ্মীর নিয়ে ভবিষ্যতেও উত্তেজনা, সন্ত্রাস ও জঙ্গি হামলা এমনকি সামরিক হামলাও হতে পারে।কারণ ভূস্বর্গ কাশ্মীরকে এমন গোলযোগপূর্ণ পরিস্থিতিতে রেখে গিয়েছিল ব্রিটিশরাই।ভারত থেকে সেই '৪৭ সালেই যখন ব্রিটিশ উপনিবেশিক শাসন প্রত্যাহার করে তারা স্বাধীনতা প্রদান করেছিল ভারত পাকিস্তানকে তখনই ব্রিটিশ শাসকদের সর্বশেষ ব্যক্তিরাই কাশ্মীর সমস্যা জিইয়ে রেখে ব্রিটিশরা বিদায় নেয়। যার তিক্ত খেসারত দিতে হচ্ছে ভারত-পাকিস্তান উভয় দেশকেই।৬৭ বছরে তিনটা যুদ্ধ হয়ে গেছে, আর একটি যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে উভয় দেশ।এটা উপমহাদেশের কোন মানুষেরই কাম্য নয়।তারা চায় সংকটের শান্তিপূর্ণ সমাধান।এর জন্যে দরকার খোলামনে আলাপ-আলোচনা।কিন্তু এতদিনে প্রমাণ হয়েছে- পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ কাশ্মীর সমস্যার সমাধান চায় না। ভারতের বিরুদ্ধে সর্বদা অশুভ তৎপরতা চালিয়ে যাওয়ার জন্যে কাশ্মীর তাদের ঢাল।এর মধ্যেই রয়েছে তাদের ক্ষমতা কুক্ষিগত ও সরকার নিয়ন্ত্রণ করার স্বার্থ।পাকিস্তান ষাট বছরের বেশিকাল ধরে এহেন গণতন্ত্র ও মানবতাবিরোধী কর্মকান্ড চালাতে চালাতে এখন সন্ত্রাসী ও জঙ্গি রাষ্ট্রে উপনীত হয়েছে।তার কাছ থেকে শুভ কিছু আশাই করা যায় না।পক্ষান্তরে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ।যে দেশটির স্বাধীনতার প্রধান নায়ক অহিংসরাজনীতির দার্শনিক মহাত্মা গান্ধী।এ ধরনের এক কঠিন পরীক্ষার সময় তাকে গান্ধীর শান্তির বাণীর কথা স্মরণে রেখে আরো বেশি ধৈর্য ও দূরদর্শিতা দেখাতে হবে। আলাপ-আলোচনার দুয়ার খোলা রাখতে হবে। শান্তিই প্রকৃত শক্তি।
রায়হান আহমেদ তপাদার
raihan567@yahoo.co.uk

