জকিগঞ্জের বাখরশালে কুশিয়ারার ভাঙনে বিলীন ৩০০ ফুট বেড়িবাঁধ, ব্লক ফেলার দাবি
প্রকাশিত হয়েছে : ১২:২৮:০০,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত

সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়নের বাখরশাল গ্রামে কুশিয়ারা নদীর বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট নতুন করে ভেঙে তলিয়ে গেছে। বারবার বাঁধ নির্মাণ করা হলেও প্রতিবারই তা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে সেখানে বাঁধ নির্মাণের কাজ চলমান থাকা অবস্থায় বস্তা ও কাঠের বল্লীসহ সমস্ত কাজ নদীতে তলিয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, চলমান পদ্ধতিতে কাজ করলে এই ভাঙন রোধ করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে ওই এলাকা রক্ষায় ব্লক ফেলা ছাড়া আর কোনো স্থায়ী বিকল্প উপায় নেই।
গ্রামটিকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে এবং মানচিত্রের অখণ্ডতা বজায় রাখতে এলাকাবাসীর পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। স্থানীয় জনগণ মাননীয় সংসদ সদস্য মহোদয়, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা এবং মাননীয় পানিমন্ত্রী জনাব শহিদ উদ্দিন চৌধুরী এনির দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে সেখানে ব্লক ফেলে স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
