বিরশ্রীতে ৪০টাকা নিয়ে মারামারি, আটক ১০, দু’পক্ষের মামলা রেকর্ড
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:১৩,অপরাহ্ন ০৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৮২৮ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের বিরশ্রী ইউপির ইউনিয়ন (মাছুম বাজার) বাজারে গতকাল বৃহস্পতিবার ৪০টাকা পাওনা নিয়ে দু’পক্ষের মারামারিতে ১০জনকে ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ। আজ শুক্রবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মারামারি ঘটনায় দু’পক্ষের মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. হাবিবুর রহমান হাওলাদার। মামলা নং- ৬ ও ৭। তাং ০৪ জুলাই ২০১৯।পৃথক দু’টি মামলার বাদী বদরপুর গ্রামের আফতাব আহমদ ও পীরনগর গ্রামের মুছব্বির আলী। ওসি জানান মাত্র ৪০টাকা পাওনা নিয়ে বিরোধে জড়ায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১০জনকে আটক করা হয়। তবে আটক এজহারভূক্ত ছাড়া বাকিদের অজ্ঞাতনামা দিয়ে চালান দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু জানান ইউনিয়ন বাজারে চায়ের হোটেল এর চা খাওয়ার পাওনা টাকা নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ মিমাংসার জন্য বৃহস্পতিবার সকালে বসেন স্থানীয় বাজার কমিটি। এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ সময় ধরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাজারের ব্যবসায়ী সহ অনেকেই আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০জনকে আটক করে নিয়ে যান। আটক অনেকেই নিরীহ মানুষ অর্থাৎ মারামারিতে লিপ্ত ছিলনা।তিনি বহু চেষ্টা করেও আপোষ মিমাংসা করতে পারেননি বলে জানান।
