১৯ বিজিবির অভিযানে কানাইঘাট সীমান্তে ২ হাজার ৫২৬ চশমাসহ সাড়ে ১২ লাখ টাকার মালামাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:০০,অপরাহ্ন ১২ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

১২ নভেম্বর ২০২৬: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় চশমা, ফেসওয়াশ, চিনি ও জিরাসহ প্রায় ১২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা সিজারমূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ ভেতরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫২৬টি ভারতীয় চশমা, ৫৩টি ফেসওয়াশ ও ১০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।

এ ছাড়া ১২ নভেম্বর ভোর ৩টায় লোভাছড়া বিওপির একটি টহলদল কানাইঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২১০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার সিজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
