চলে গেলেন তিনি রাহমানুর রাহিমের সান্বিধ্যে
প্রকাশিত হয়েছে : ৬:২৯:১০,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৭৮৫ বার পঠিত
মাওলানা মুখলিছুর রহমান: বড়ই আশা ছিল শ্রদ্ধেয় উস্তাদের হাতে তোলে দেবো জীবনের প্রথম বই ‘কারাগারের দিনলিপি’,আগামী ৭ নভেম্বর থেকে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারে অনুষ্ঠেয় ইসলাহী খানকাহ’র উদ্বোধন করাবো তাকে দিয়ে।তাঁর পীর ভাই,উত্তর-পূর্ব ভারতের আমীরে শরীয়ত আল্লামা ড.তৈয়ীবুর রহমান বড়ভুইয়া সাহেবের দীর্ঘ অসুস্থতার পর এবারের খানকায় উপস্থিতি এবং প্রিন্সিপাল সাহেব হুজুরের ছোহবতে আপ্লুত হবেন সালিকীনরা।দিল্লিতে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থতাবোধ করছেন শুনে আশাগুলো ডালপালা মেলছিল,এর মাঝে গতরাতে তিনি চলেগেলেন মাওলায়ে হাকিকীর সান্বিধ্যে।
বলছি মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল শায়খ মাওলানা হাবীবুর রহমান সাহেবের কথা।তিনি এমন এক সময় চলেগেলেন,যখন তাঁর মত একজন সিংহপুরুষের প্রয়োজনীয়তা অনুভব করছিল এ জাতি।যার শূন্যতা পুরণ হবার নয়।তাঁর মৃত্যু সংবাদ শোনার পর থেকে অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।তিনি ছিলেন আমার পিতৃছায়া।১৯৮৭ সালে পিতৃহারা হয়ে তাঁর মাঝে খুঁজে পেয়েছিলাম পিতার অস্তিত্ব।দীর্ঘ নয় বছর তাঁর ছায়ায় থেকে কখনো অনুভব করিনি আমি পিতৃহারা।আপন সন্তানের মতো স্নেহ করতেন তিনি।চিকিৎসার জন্য দিল্লী যাওয়ার দু’দিন আগেও প্রিয় ভাই মুছার কাছ থেকে হুজুরের খবর নিতেই জানলাম তিনি রাতের খাবার গ্রহণ করছেন।মুছা নিজ হাতেই হুজুরের মুখে খাবার তুলে দিচ্ছেন।হুজুরের কাছে সালাম পৌছাবার কথা বলে খানকাহ’র বিষয়ে হুজুরের মতামত জানানোর জন্য মুছাকে বলে ফোন রেখে দিলাম।সেদিন যদি জানতাম তাঁর সাথে আমার আর কথা হবেনা,দেখা হবেনা;চলে যেতাম বাসায়।আজ দেখা হল,তবে কথা হলোনা!বললেননা,’মখলিছ কিতা খররায়'(মুখলিছ কি করছো)?
আজ তাঁর জানাযা সিলেটবাসীকে নাড়া দিয়ে গেল।সকলকে শোকসাগরে ভাসিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন আপন হাতে সাজানো বাগান জামেয়া প্রাঙ্গণে।রাহমানুর রহীম আল্লাহ যেন তাঁর কবরগাহকেও করে দেন জান্নাতের উন্নততর বাগান।

