তুষারের সাদা গালিচার বদৌলতে আজ আমাদের ছুটি
প্রকাশিত হয়েছে : ২:১৭:৫৬,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৫২৫ বার পঠিত
মাহমুদ রহমান: গতরাতেই স্কুলের ফোনে জেনেছিলাম আবহাওয়াজনিত কারনে আজ সব স্কুল বন্ধ। এই সংবাদে ছুটির আমেজে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠি।
মাঝে মাঝে ছুটির দিনে বড় মেয়ে মুনতাহার বাংলা ভাষা শিক্ষার দায়িত্ব নেন তাদের মা। সেই সঙ্গে আমার উপর বকাঝকার কাজটিও পালন করেন যথারীতি। ছেলেমেয়ের পড়াশোনার দিকে আমার একদম খেয়াল নেই- এই অভিযোগ এখন আমার গা সওয়া হয়ে গেছে।
এক থেকে একশত পর্যন্ত শেখানোর শুরুতে গত সপ্তাহে যখন মুনতাহাকে প্রশ্ন করা হলো বাইশের পর কত, সে দেরি না করেই উত্তর দিল তাইশ (২৩)। মোটামুটি গত এক সপ্তাহ বাইশের পর তাইশ নিয়ে আমরা হাসাহাসি করেছি। আজ আবার ছুটির সুবাদে পড়াশোনার শুরু করে মুনতাহা যখন চল্লিশের কোঠায় পৌঁছালো তখন তার মায়ের প্রশ্ন ছিল একচল্লিশের পরে কী? তার তড়িৎ উত্তর বতচল্লিশ! আমরা হাসতে শুরু করলে সে তার উত্তরের স্বপক্ষে যুক্তি দিল একত্রিশের পর যদি বত্রিশ হয়, তাহলে একচল্লিশের পর বতচল্লিশ কেন হবেনা!
হাসাহাসির পর অফিসে যাওয়ার জন্য রীতিমতো যুদ্ধে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। অফিসে যারা ফুলটাইম কাজ করেন তারা ৯-৫টা কাজ করেন। আর পার্টটাইমারদের সকালবেলার শিফট ৯-২টা এবং বিকালবেলার শিফট ২-৭ টা। আমি কাজ করি বিকেলের শিফটে। সকালবেলা রিয়েল এস্টেটের কোনো এপয়েন্টমেন্ট থাকলে তা সেরে ২ টা থেকে ইন্সুরেন্স অফিসে যাই। ঘরের বাইরে প্রায় মাইনাস ১০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একই সঙ্গে তুষারপাত চলছে। তুষারের আবরণ ভেদ করে গাড়ি উদ্ধারের পর অফিসে গিয়ে আবার ফেরার পথে একই কাজ করতে হবে- এই চিন্তা মাথায় নিয়ে কাজের জন্য রেডি হচ্ছি এমন সময় অফিসের বসের ফোন- আজ অফিস ছুটি আবহাওয়ার কারনে। খুশির সংবাদে যখন পরিধেয় তিন স্তরের শীতবস্ত্র খোলার জন্য যাচ্ছি তখন বউয়ের গলা, এসব খুলতে হবেনা এখন- আগে গারবেজ ফেলে আসো!
বস অফিস ডিউটি থেকে রেহাই দিলেও বউয়ের হাত থেকে রেহাই পাইনি! তাই বাইরে বেরুনোর আগে ছবিগুলো তুলে নেই।
জানুয়ারী ২৮, ২০১৯
মিশিগান, যুক্তরাষ্ট্র।

