আল্লাহর অনন্য নিদর্শন বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ৩:০৭:৫৫,অপরাহ্ন ০১ মার্চ ২০১৯ | সংবাদটি ৫৮৪ বার পঠিত
বৃষ্টি মনকে মোহিত ও ছন্দমুখর করে। বৃষ্টি মানেই সৃষ্টিসুখের উল্লাস। বাংলা সাহিত্যের এমন কোনো কবি নেই, যিনি বর্ষায় মুগ্ধ হয়ে কাব্য-সংগীত রচনা করেননি। পবিত্র কোরআনে বৃষ্টি, বৃষ্টির কারণ, বৃষ্টির দান, বৃষ্টির শিক্ষা ও বৃষ্টির স্রষ্টার কথা বারবার তুলে ধরা হয়েছে বহু সূরায় এবং অসংখ্য আয়াতে। আকাশ থেকে অদ্ভুত এ সরল, তরল দান না নামলে পৃথিবী শুকিয়ে যেত। প্রাণ ও প্রকৃতি মরে যেতে। পাখি গাইত না। ফুল হাসত না। ফল রসনা মেটাত না। জলাধারে জলতরঙ্গ বইত না। আল্লাহ বলেনÑ ‘আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। অতঃপর তা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর সজীব করেছেন। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য, যারা শুনে।’ (সূরা নাহল : ৬৫)।
আল্লাহর আলামত
বৃষ্টি আল্লাহর অন্যতম নিদর্শন। আমরা আল্লাহর ওপর ঈমান স্থাপন করি তাঁকে না দেখে। ইহকালে আল্লাহকে দেখা সম্ভব নয়। তিনি আমাদের চর্মচোখ ও কল্পনার অতীত। আল্লাহকে চেনা যায় তাঁর প্রেরিত আসমানি গ্রন্থ ও নবীর মাধ্যমে, তাঁর নাম ও গুণের মাধ্যমে। কিন্তু না দেখেও তাঁর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তাঁর সৃষ্ট অসংখ্য নিদর্শনের মাধ্যমে। পবিত্র কোরআনের সূরা রুমে আল্লাহ তাঁর বেশকিছু নিদর্শনের কথা তুলে ধরেছেন। অন্য আরও বিভিন্ন সূরায়ও বিভিন্ন নিদর্শনের উল্লেখ আছে। সেসব নিদর্শনের অন্যতম হলো বৃষ্টি। আল্লাহ বলেনÑ ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে তিনি তোমাদের ভয় ও ভরসাস্বরূপ বিদ্যুৎ দেখান, আর আসমান থেকে পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে সে কওমের জন্য, যারা অনুধাবন করে।’ (সূরা রুম : ২৪)।
পানির জন্য হাহাকার
গেল শতাব্দীতে পৃথিবীর বড় বড় পরাশক্তি তেলসম্পদ আহরণের জন্য একের পর এক যুদ্ধে জড়িয়েছে। তেলের তরল লোভে একে অন্যের পেছনে লেগে থেকেছে। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ মুসলিম দেশগুলোয় শকুনরা দৃষ্টি নিবদ্ধ রেখেছে তরলসোনাখ্যাত তেলের প্রতি। বর্তমান শতাব্দীতে দেখা যাচ্ছে যুদ্ধের আড়ালে ভূমিকা রাখছে পরাশক্তিগুলোর অস্ত্র বিক্রির অনৈতিক স্বার্থ। ভূতত্ত্ববিদ ও গবেষকদের মতে, আগামী শতাব্দী পৃথিবীতে যুদ্ধ ও হানাহানি হতে পারে পানি নিয়ে।
সাম্প্রতিক সময়গুলোয় উন্নত বিশ্বকে সবচেয়ে বেশি সরব দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে। ক্লাইমেট চেঞ্জ এখন জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর অন্যতম প্রধান আলোচ্য। তাদের বক্তব্য, বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর বরফভা-ারগুলো গলতে শুরু করেছে। এতে হুমকির মুখে রয়েছে উপকূলীয় অঞ্চলের প্রাণ ও প্রকৃতি। এদিকে পৃথিবীতে এখন বিশুদ্ধ পানির স্তর ক্রমনিম্নমুখী। বাংলাদেশের মতো নদীমাতৃক তৃতীয় বিশ্বের দেশেও এখন শহরাঞ্চলে বিশুদ্ধ পানির জন্য হাহাকার পড়ে যায় গ্রীষ্মকালে। স্থানভেদে টাকা দিয়ে কিনে খেতে হয় আল্লাহর দান বিশুদ্ধ পানি। শুধু বোতলজাত মিনারেল ওয়াটার নয়, আজকাল ফুটপাতের রেস্তোরাঁ ও চা-স্টলগুলোতেও পানি কিনে খেতে হয় গ্লাসপ্রতি ১ টাকা করে।
আল্লাহ পবিত্র কোরআনে প্রায় জায়গায় পানির নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁকে নিয়ে চিন্তা করা, তাঁর মারেফত লাভ এবং তাঁর প্রতি কৃতজ্ঞতাবনত হওয়ার কথা বলেছেন। শুধু তা-ই নয়, অন্যথায় তিনি এ নেয়ামত ছিনিয়ে নিতে পারেন। তিনি না দিলে এ নেয়ামত মানুষ খুঁজেও পাবে না মর্মে হুঁশিয়ারিও দিয়েছেন নানাভাবে। বছর দুয়েক আগে বাংলাদেশে এক বিরল ঘটনা ঘটে। সারা দেশে একযোগে বিদ্যুৎ চলে যায়। দেশজুড়ে নেমে আসে ভীতি জাগানিয়া অন্ধকার। প্রায় চব্বিশ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় জেনারেটরের মতো বিকল্প ব্যবস্থাগুলোও প্রায় বিকল হয়ে যায়। তখন আমরা স্বচোখে প্রত্যক্ষ করেছি পানির নেয়ামত আল্লাহ সাময়িক সময়ের জন্য তুলে নিলে মানুষের কী করুণ অবস্থা হতে পারে। আল্লাহ বলেছেনÑ ‘আর আমরা আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি। অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি। আর অবশ্যই আমি সেটাকে অপসারণ করতেও সক্ষম।’ (সূরা মুমিনুন : ১৮)।
বৃষ্টির পূর্বাভাস ঘোষণায় ইনশাআল্লাহ বলা
আজকের এ আধুনিক বিশ্বে মানুষ প্রাকৃতিক অনেক কিছুরই বিকল্প আবিষ্কার করেছে। তবু এক পর্যায়ে গিয়ে মানবসৃষ্ট সবকিছুই প্রাকৃতিক তথা আল্লাহ প্রদত্ত উপকরণের ওপর নির্ভরশীল। আজকের আবহাওয়া অধিদপ্তর প্রযুক্তির সাহায্য নিয়ে আল্লাহর সৃষ্ট আলামত দেখে বৃষ্টির পূর্বাভাস বলে। আবহাওয়াবিদরা আগে বলতেন, ‘আগামীকাল অমুক অমুক স্থানে বৃষ্টি হতে পারে।’ এখন তারা ‘হতে পারে’ আর বলেন না, সরাসরি বলে দেন, ‘হবে’!
গত কয়েক বছর একাধিকবার এমন হয়েছে, গণমাধ্যমে বলা হলো আগামীকাল বা আগামী কয়দিন বৃষ্টি হবে কিংবা হবে না, অথচ পরদিন দেখা গেল প্রচারিত পূর্বাভাসকে মিথ্যা বানিয়ে বৃষ্টি হলো কিংবা হলো না। তাই আর সব ভবিষ্যৎ বার্তার মতো আবহাওয়ার পূর্বাভাসেও উচিত ‘ইনশাআল্লাহ’ তথা ‘আল্লাহ যদি চান’ এ জাতীয় শব্দজুড়ে দেওয়া। কোরআনের সেই শিক্ষাটা যেন আমরা কোনো অবস্থাতেই ভুলে না যাই। আল্লাহ বলেনÑ “আর কোনো কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে, ‘নিশ্চয়ই আমি তা আগামীকাল করব’; তবে (বলবে, আমি করব) ‘আল্লাহ যদি চান’।” (সূরা কাহফ : ২৩-২৪)।
বৃষ্টিপূর্ব বাতাস ও মেঘদৌড়
বৃষ্টির আগ মুহূর্তে আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। ঈষাণকোণে যখন মেঘের ঘনঘটা দেখা যায়, তখন প্রবাহিত হয় হৃদয় জুড়ানো শীতল বায়ু। তারপর বৃষ্টির ধারায় স্নাত হয়ে আমরা আনন্দিত হই। বৃষ্টির নির্মল পানিতে সিক্ত হয়ে আমাদের দেহ-মন হয় পবিত্র। এ-ও আল্লাহর অকৃপণ দান। আল্লাহ বলেনÑ ‘আর তিনিই তাঁর রহমতের (বৃষ্টির) প্রাক্কালে সুসংবাদস্বরূপ বায়ু পাঠিয়েছেন এবং আমরা আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি।’ (সূরা ফুরকান : ৪৭)।
বৃষ্টির অনাকাক্সিক্ষত বিড়ম্বনা
হ্যাঁ, বৃষ্টি এলে কিছু বিড়ম্বনাও আমাদের পিছু নেয়। আমাদের অব্যবস্থাপনায় অতিবর্ষায় বন্যার আগমন ঘটে। অসংখ্য মানুষ ঘরদোর হারিয়ে অবর্ণনীয় কষ্টে ভোগে। পথঘাটের করুণ দশা হেতু যতই মুগ্ধ করুক, বৃষ্টির দিন ঘর থেকে বের হতে মন চায় না। কোনো দরকারি কাজে বাইরে থাকলে নিজেকে পানিবন্দি বলে মনে হয়। এর দায় সম্পূর্ণ আমাদের। আল্লাহ সে কথা কোরআনে বলে দিয়েছেনÑ ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফ্যাসাদ প্রকাশ পায়। ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদের আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সূরা রুম : ৪১)।
বাস্তবতাও তাই সাক্ষ্য দেয়। বাংলাদেশের দুই প্রধান নগরী ঢাকা ও চট্টগ্রামে বর্ষাকালে বিড়ম্বনার শেষ থাকে না। মাত্র ৫৪ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর বহু এলাকার অলিগলিতে তো বটেই, জলাবদ্ধতা দেখা দেয় প্রধান ও গুরুত্বপূর্ণ অনেক সড়কে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ডেসকো, রাজউক, সিটি করপোরেশনসহ নগরের বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সমন্বয়হীনতা এর জন্য দায়ী।
তাছাড়া নগর বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, জলাধার বিলীন, অতিরিক্ত বর্জ্য, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা সংকট, খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ জলাবদ্ধতার প্রধান কারণ। বলাবাহুল্য, এর সবই মানবসৃষ্ট সমস্যা এবং মানুষেরই ব্যর্থতা। উন্নত দেশগুলোতে এসব ব্যবস্থাপনা উন্নত হওয়ায় তারা আল্লাহর দান বৃষ্টির নেয়ামত ভোগ করেন। তাদের জন্য বিড়ম্বনার কারণ খুব কমই হতে পারে।
বৃষ্টির মৌসুমে রাসুলুল্লাহ (সা.) এর আমল
এই পৃথিবীর সৃজন, রাত-দিনের আবর্তন ও মৌসুমের পরিবর্তন মহান আল্লাহর নিদর্শন। প্রত্যেক মৌসুমের পরিবর্তন দ্বারা উদ্দেশ্য শুধু বান্দাদের পরীক্ষা করা যে, বান্দা সর্বাবস্থায় মহান আল্লাহকে স্মরণ করে কি না এবং তাঁর নির্দেশিত পথে চলে কি না। রাসুলুল্লাহ (সা.) উম্মতকে এরই দীক্ষা দিয়ে গেছেন।
বৃষ্টিকালের ৬ সুন্নত আমল
১. বৃষ্টির পানি স্পর্শ করা : বৃষ্টির প্রতিটি ফোঁটা নামে রহমতের ধারা হয়ে। তাই সুন্নত হলো বৃষ্টির ছোঁয়া পেতে বস্ত্রাংশ মেলে ধরা। (মুসলিম : ৮৯৮)।
২. বৃষ্টির দোয়া পড়া : আকাশ থেকে যখন বৃষ্টির ধারা নামে, তখন একটি দোয়া পড়া সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি হতে দেখলে বলতেনÑ ‘আল্লহুম্মা ছাইয়িবান নাফিআ’। অর্থাৎ হে আল্লাহ, উপকারী বৃষ্টি আমাদের ওপর বর্ষণ করুন (যাতে ঢল, ধ্বংস বা আজাবের মতো কোনো অমঙ্গল নিহিত নেই)। (বোখারি : ১০৩২)।
৩. বৃষ্টি চলাকালে দোয়া করা : বৃষ্টি চলাকালে দোয়া কবুল হয়; তাই এ সময় দোয়ার জন্য লুফে নেওয়া সুন্নত। সাহল বিন সাদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেনÑ ‘দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না কিংবা (তিনি বলেছেন) খুব কমই ফেরত দেওয়া হয়Ñ আজানের সময় দোয়া এবং যুদ্ধক্ষেত্রের দোয়া যখন একে অপরের মুখোমুখি হয়। অন্য বর্ণনা মতে, বৃষ্টির সময়ের দোয়া।’ (আবু দাউদ : ২৫৪০)।
৪. বৃষ্টি শেষে দোয়া পড়া : বৃষ্টি শেষ হওয়ার পর একটি দোয়া পড়তে হয়, যার মাধ্যমে ঈমানের পরিচয় দেওয়া হয়। (বোখারি : ৮৪৬)।
৫. অতিবৃষ্টি বন্ধের জন্য দোয়া পড়া : বৃষ্টি যেমন অনেক সুবিধা ডেকে আনে অতিবৃষ্টি তেমনি নানা অসুবিধের কারণ হয়। তাই অতিবৃষ্টি বন্ধেও আল্লাহর রাসুল (সা.) আমাদের আমল শিখিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) দোয়া করতেনÑ ‘আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা’। (বোখারি : ১০১৩)।
৬. ঝড়ের সময় দোয়া : আল্লাহ কখনও ঝড়-বজ্রপাত দান করেন। এর মাধ্যমে তিনি গাফেল বান্দাকে সতর্ক করেন, সচেতন বান্দাকে তাঁর প্রতি নিমগ্ন করেন। কখনও উদ্ধত জনপদবাসীকে এর মাধ্যমে শায়েস্তাও করেন। যেমন করেছিলেন আগের বিভিন্ন জাতিগোষ্ঠীকে। ঝড় এলে যেহেতু আমরা এর কারণ বুঝতে পারি না, তাই এ সময় আল্লাহর কাছে এর কল্যাণ কামনা করা এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা ঈমানদারের কর্তব্য। (মুসলিম : ৮০৯৯)।
