চলে গেলেন প্রবাসিদের অন্তপ্রাণ সৈয়দ আশরাফুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ৩:০৬:১৭,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৫৪০ বার পঠিত
সাঈদ চৌধুরী: চলে গেলেন প্রবাসিদের অন্তপ্রাণ সৈয়দ আশরাফুল ইসলাম।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে তার পিতা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্য চলে যান। প্রবাস জীবনে তিনি কমিউনিটির উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
১৯৯৬ সালে তিনি দেশে ফিরে আসেন এবং কিশোরগঞ্জ সদর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ১ অক্টোবরে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী শিলা ইসলাম ২০১৭ সালের অক্টোবরে মারা গেছেন।
সৈয়দ আশরাফের বিরুদ্ধে দুর্নীতি বা স্বেচ্ছাচারিতার কোনো অভিযোগ ওঠেনি। রাজনীতির ক্রাইসিস মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিলেতে আমার শশুর দরগাপাশার আবু বকর চৌধুরী, ছাতকের ডা. হারিছ আলী ও সৈয়দ আশরাফ বেশ ঘনিষ্ট ছিলেন। আমাকে অনেক স্নেহ করতেন। আমার নেক্সট ডোর নেইভার জামাল ভাইও ছিলেন তার খুব কাছের মানুষ। সৈয়দ আশরাফের বিয়োগান্তক ঘটনায় পারিবারিক ভাবেও আমরা শোকাহত।

