বই হোক জীবনের সঙ্গী….
প্রকাশিত হয়েছে : ১:৫৫:৫৬,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৪৩৮ বার পঠিত
শরীফ আবদুল্লাহ. সৃজনশীল মানুষমাত্রই বই ভালোবাসেন। জ্ঞানের নানা শাখায় বিচরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার সুন্দর পিয়াসী মন নিত্যনতুন জিনিসের সন্ধানে ছুটে চলে অবিরাম। বৈচিত্র্যের আসরে প্রতিনিয়ত নিজ চেতনাকে শানিত করে। তার অগণিত প্রত্যাশার ব্যঞ্জনা ছড়িয়ে পড়ে ভালোবাসার মোহনায়।
একটি ভালো বই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ক্ষণিকের পরশে চিন্তার জগতে আলোড়ন তোলে। আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় শতগুণ। প্রত্যাশায় ভরে দেয় মন।
মানবসভ্যতা বিকাশে বইয়ের অবদান অপরিসীম। যখন মানুষের জ্ঞানের সঙ্গে কোনো পরিচয় ছিল না তখনও তারা নিজেদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের ব্যবস্থা করে যেত। কখনও পাথরে খোদাই করে অথবা বিভিন্ন প্রাণীর চামড়ায় লিখে রাখত। আবার অনেকে পাহাড়ের গায়ে খোদাই করা শিল্পের ছাপ রেখে যেত। পর্যায়ক্রমে মানুষ জ্ঞানের সঙ্গে পরিচিত হতে শুরু করে। পরস্পর আদান-প্রদান, যোগাযোগ বৃদ্ধি পায়। নতুন নতুন ভাবনা সবার মনে উঁকি দিতে থাকে। ধীরে ধীরে সভ্য যুগে প্রবেশ করে। অনেক কিছুই আবিষ্কার হয়। কাগজ, ছাপাখানা আবিষ্কারে জ্ঞান প্রচার-প্রসার নতুন মাত্রা পায়। খুলে যায় স্বপ্নিল দিগন্তের আলোকরেখার বাতায়ন।
সময়ের শিল্প-সাহিত্য, জ্ঞান ভা-ার সংরক্ষণ করা হয় মলাটবদ্ধ বইয়ের মোড়কে। হাজার হাজার অগণিত বইয়ের বিপুল সমাহার। ঐশী গ্রন্থগুলোর চির কল্যাণের আহ্বান আমরা বইয়ের পাতায় সময়ের পরম্পরায় শুনতে পাই, যা সত্যের পথ চলার অব্যর্থ পাথেয় হিসেবে কাজ করে সবসময়। মনীষীদের অব্যাহত গবেষণা, ব্যাখ্যা-বিশ্লেষণ, সুন্দর সুন্দর চিন্তা, যাপিত জীবনের অভিজ্ঞতা আর আগামীর দিকনির্দেশনায় ভরপুর বইয়ের পাতা। সুন্দরের আলোক বিভায় উজ্জ্বল পৃথিবী। প্রত্যাশায় দোলা দেওয়া মন ভেবে অবাক হয়, এত সুন্দর মানুষের সৃষ্টি, কারুকার্যের শিল্পময় পৃথিবী। এত প্রখর বুদ্ধিমত্তা চিন্তক মনে আলোড়ন তোলে। সত্য বলতে কী, অতীত মনীষীদের কল্পিত চিন্তার পাখায় নির্ভর করেই আজকের অধুনা পৃথিবী এত সুন্দর, সহজ, ছন্দময় সমাজের পাঠপিঠে দাঁড়িয়েছে। আর সে ক্ষেত্রে বইয়ের অবদান অনস্বীকার্য।
বই মানুষের শাশ্বত সম্পদ। চিরকালের সঙ্গী। উপকারী বন্ধু। পৃথিবীতে অনেক কিছুই শেষ হয়ে যায়। হারিয়ে যায় কালের গর্ভে। কিন্তু বইয়ের জ্ঞান কখনও লীন হয় না। আজীবন উপকার করে চলে নিস্বার্থ বন্ধুর মতো। তাই তো বিশ্বখ্যাত কবি ওমর খৈয়াম বলেছেন, ‘রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু একখানা বই সবসময় অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়।’ স্বাভাবিক দৃষ্টিতে মানুষের জগৎ অনেক ছোট, সংকীর্ণ মনে হয়। তবে যখন একটি বইয়ের পাতা মেলে ধরা হয় চোখের সামনে তখন নতুন নতুন জগতের সাক্ষাৎ ঘটে। বিস্ময়ে অভিভূত হয় আগ্রহী মন। পৃথিবীর কিংবদন্তি, মহামানবদের ইতিহাস পড়ে জানতে পারি তাদের সফলতার মূল কারণ কী ছিল। মুখোমুখি বাস্তবতায় কীভাবে তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছেন। গভীর অনুসন্ধানে দেখতে পাইÑ তাদের ছিল দৃঢ়প্রত্যয়, নিজ কর্মে অবিচল আস্থা। জানার ক্ষেত্রে তাদের বিপুল আগ্রহ। গভীর অধ্যবসায় আর জ্ঞান সাধনায় নিবেদিতপ্রাণ ছিলেন বলেই তারা নিয়মিত বই পড়তেন। তাদের সবারই থাকত ব্যক্তিগত লাইব্রেরির বিশাল সমাহার। অযুত জ্ঞানের বিপুল সম্ভারে তাদের জ্বলজ্বল মায়াময় পরিবেশ। আসলে আমাদের জীবনটা অনেক ছোট। এ ছোট্ট জীবনটাকে বড় করতে হলে বইয়ের বিকল্প নেই। জ্ঞান সাধনাই বড় সম্পদ। অমূল্য রতœ মাণিক। যে যত বই পড়বে তার জ্ঞান তত বৃদ্ধি পাবে। চিন্তার জট খুলে যাবে। মন প্রশস্ত হবে।
ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখে নিত্যদিনের পাঠাভ্যাস। সঙ্কীর্ণতার চোরাবালি পরিহার করে উদার মনোভাবের অধিকারী হতে উদ্বুদ্ধ করে। বই মানুষকে উদার হতে শেখায়। ভালো ও কল্যাণের দিকে ধাবিত করে। প্রত্যাশার দিগন্তে আলো জ্বালে। স্বপ্নের মোহনায় নিয়ে যেতে সহযোগী হয়। আলোকিত সমাজ গড়তে ভালো বইয়ের বিকল্প নেই। চিন্তাশীল মানুষ কখনও বই ছাড়া থাকতে পারেন না। তারা বইয়ের ভেতর শুনতে পান চির শান্তির মোহনবাঁশি। দেখতে পারেন সমৃদ্ধ আগামীর জীবনরেখা। তাই, বই হোক আমাদের সবার জীবনের প্রধান অনুষঙ্গ। স্বপ্নের সাথী হয়ে আলো ছড়াক অনন্তকালের পথ ধরে।
