বারহালের ক’জন প্রবাসীর মাধ্যমে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ
প্রকাশিত হয়েছে : ৪:১০:৩০,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৫২৭ বার পঠিত
এখলাছুর রহমান,
যুবকরা হচ্ছে জাতির প্রধান স্তম্ভ, জাতির স্নায়ু ও আত্মা। তারা যেকোন সুপ্ত জাতির জাগরণের প্রতিভূ। সংস্কৃতি ও সভ্যতার উন্নয়নের কারিগর। তারাই মাতৃভূমি রক্ষা ও দেশের ভূখন্ডকে অখন্ড এবং এলাকাকে নিরাপদ রাখার অকুতোভয় যোদ্ধা। জাগ্রত জ্ঞানের অধিকারী, সজীব। যুব সমাজ সকল ক্ষেত্রে নিত্যনতুন রীতি ও ধারা সূচনা করে। নতুন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করে। তাদের পদক্ষেপের কারণে সমাজ উপকৃত হয়।
সমাজ গঠনে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের যুবকদের ভাবনা শীর্ষক আজকের পর্বে বারহাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকজন যুবকের ভাবনার কথা তুলে ধরবো। তারা তাদের নিজেদের ভবিষ্যৎ, এলাকার উন্নয়ন, অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষাক্ষেত্রে ও জ্ঞান–বিজ্ঞানে বারহাল ইউনিয়নকে এগিয়ে নেয়ার জন্য অনেক বিষয় নিয়ে ভাবতে শুরু করেছে। স্বপ্ন দেখছেন এক সময় পুরো উপজেলাকে দারিদ্রতার অভিশাপ থেকে যেন মুক্ত করা যায়। এ লক্ষ বাস্তবায়নে পরিকল্পনা শুরু করেছেন তারা।
ব্রিটেন প্রবাসী ফয়ছল চৌধুরী: বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের বাসিন্দা ব্রিটেন প্রবাসী ফয়ছল আহমদ চৌধুরী। তিনি এলাকার উন্নয়ন করতে শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের মাধ্যমে অসংখ্য অসহায় মানুষকে সহযোগীতা করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দিয়েছেন আর্থিক সহযোগীতা। তার এই উদ্যোগের কারণে খুবই কম সময়ের মধ্যে তিনি পুরো উপজেলায় পরিচিতি পেয়েছেন। মানুষের কল্যাণে তার প্রতিষ্টিত শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট এলাকায় উন্নয়নে কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি জানিয়েছেন।
ব্রিটেন প্রবাসী আবুল হাসনাত চৌধুরী: খিলোগ্রামের বাসিন্দা ব্রিটেন প্রবাসী আবুল হাসনাত চৌধুরী অসহায় মানুষের কল্যাণে কাজ করতে শুরু করেছেন। হাসানের বড় বোন অত্যন্ত বুদ্ধিমতি আসমা আপার অনুপ্রেরণায় এবং স্ত্রীর উৎসাহে হাসান চৌধুরী এলাকার উন্নয়নের দিকে নজর দেন। ইতিমধ্যে তিনি ১০ টি শিক্ষা প্রতিষ্টানের ৩০ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে সহযোগীতা করেছেন। তার ভাবনার মধ্যে রয়েছে দ্রুত সময়ের মধ্যে লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল নামে একটি ট্রাস্ট গঠন করবেন। জানাগেছে এই ট্রাস্টের যাত্রা শুরু হতে আর মাত্র কয়েকদিন সময় লাগতে পারে। ট্রাস্ট পরিচালনা সংক্রান্ত অনেক কাজ প্রায় শেষ পর্যায়ে। ট্রাস্ট যাত্রা শুরু করার পরে উপজেলার অসহায় মানুষের কল্যাণে তিনি ভূমিকা রাখবেন বলে তিনি এ প্রতিবেদককে জানান।
ব্রিটেন প্রবাসী ফাহিমুল আনাম চৌধুরী: ফতেহপুর গ্রামের ব্রিটেন প্রবাসী ফাহিমুল আনাম চৌধুরী বিগত বছর থেকে গিফট অব নলেজ নামে একটি সংগঠনের যাত্রা শুরু করেন। এ সংগঠনের মাধ্যমে তিনি প্রতি বছর ৭৪ জন শিক্ষার্থীকে ৪ মাস পর পর বছরে মোট ৩ বার ২ হাজার টাকা করে প্রদান করেন। তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন: বুরহানপুর গ্রামের বাসিন্দা ব্রিটেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন। তিনি দীর্ঘদিন থেকে নিরবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ২০০৫ সালে তিনি শাহগলীতে তৈমুন্নেসা কিন্ডার গার্টেন নামে একটি স্কুল প্রতিষ্টা করেন। এ স্কুলে শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। ফরিদ উদ্দিন শিক্ষার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান বলে জানিয়েছেন।
ব্যবসায়ী বুরহান উদ্দিন রনি: খিলগ্রামের ব্যবসায়ী বুরহান উদ্দিন রনি ২০১১ সালে সিদ্দিকুর রহমান নামে একটি শিক্ষা ট্রাস্ট গঠন করেন। এই ট্রাস্টের মাধ্যমে তিনি ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। তার এই কার্যক্রম আজীবন অব্যাহত রাখতে তিনি নানা পদক্ষেপ নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন।
এছাড়াও অনেক ব্যক্তি ছোট পরিসরে ট্রাস্ট গঠন করে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্নজন একান্ত নিরবে সাহায্য সহযোগীতা অব্যাহত রেখেছেন। তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইলো।
