১৯ বিজিবির অভিযানে কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ ৪০ লাখ টাকার মালামাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৫১,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ি, কম্বল, চা-পাতা ও গরুসহ প্রায় ৪০ লাখ ৩০ হাজার টাকা সিজারমূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি জানায়, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ ভেতরে বালিধারা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩৫ লাখ ২৫ হাজার টাকা।

একই দিন লোভাছড়া, গুয়াবাড়ি, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, চা-পাতা ও গরু জব্দ করা হয়, যার সিজারমূল্য ৫ লাখ ৫ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৪০ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।
