প্রবাসী সংস্থার আর্থিক সহায়তায় মিঠু অনেকটা সুস্থ, কর্মসংস্থানের উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ১:৩০:১৫,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৫৭০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার আর্থিক সহযোগিতায় অনেকটা সুস্থ হতে চলেছেন জকিগঞ্জের শরীফগঞ্জ এলাকার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের গুরুতর অসুস্থ মিঠু আহমদ। চিকিৎসা সহায়তার যাবতীয় ব্যয়ভার বহন করার পাশাপাশি তাকে স্বাবলম্বীর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। তারা শীঘ্রই কর্মসংস্থানেরও পদক্ষেপ গ্রহণ করছেন। প্রায় দেড়বছর থেকে তার পায়ের বুড়ো আঙ্গুলে পচন দেখা দেয়। চিকিৎসার অর্থ সহায়তার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন মিঠু আহমদ। অবশেষে সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ কয়েছ তার এ করুন অবস্থা দেখে মর্মাহত হন এবং কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। অবশেষে তার চিকিৎসার দায়িত্ব নেয় জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা। সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করে দীর্ঘদিন চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে সে বাড়ীতে ফিরে। মিঠু জানান, আমাকে বাচাঁতে প্রবাসী সমাজকল্যাণ সংস্থা যে সহযোগিতা করেছেন, তা হয়তো শোধ করতে পারবো না। তবে আজীবন তাদের জন্য প্রার্থনা অব্যাহত থাকবে। মহান আল্লাহ যেনো প্রবাসীদের কবুল করেন এবং সকল প্রকার কল্যাণ দান করে, সে প্রার্থনা মিঠুর। 
মঙ্গলবার প্রেসক্লাব ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ মিঠু আহমদকে দেখতে যান এবং তার চিকিৎসার খোজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি বেলাল আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন, সিনিয়র সদস্য হারুন রশিদ, কোষাধ্যক্ষ কবির আহমদ, সংস্থার সদস্য ও উপজেলা যুবলীগ নেতা হিফজুর রহমান, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু প্রমূখ।
সংস্থার সভাপতি, আমেরিকা প্রবাসী তারেক মাহমুদ তুষার ও সাধারণ সম্পাদক, দুবাই প্রবাসী হেমায়েত হোসেন মাহফুজ মোবাইল ফোনে জানান, জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা একটি সেবা মূলক সংগঠন। হতদরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাড়ানোই এ সংস্থার একমাত্র লক্ষ্য। তারা বলেন, সংস্থার সকল সদস্যই মহৎ কাজে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছেন। মানবিক কাজে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তারা।

