কানাইঘাটের নুনছড়া চা বাগানে বিজিবির অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:৩১:০৩,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক | সিলেট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬
সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
যা উদ্ধার হয়েছে
অভিযানে উদ্ধার করা হয়েছে:
৪৮টি হাই পাওয়ার জেল, যার গায়ে “High Power Emulsion Explosives” লেখা রয়েছে
১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর
১১টি নন-ইলেকট্রিক ফিউজ
বিজিবি জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, আর ডেটোনেটর ও ফিউজ বিস্ফোরক সক্রিয় করতে ব্যবহৃত হয়।
পালিয়ে গেছে আসামিরা
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্ধকারের সুযোগে দুর্গম চা বাগানের গভীরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অনুসন্ধান চলছে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলার প্রক্রিয়া চলছে।
সিলেট সেক্টরের সাম্প্রতিক সাফল্য
বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকের অনুপ্রবেশ ঠেকাতে সিলেট সেক্টর বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। সাম্প্রতিক সময়ে এই সেক্টরের অভিযানে:
১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে।
১৮ কেজি পাওয়ারজেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করা হয়েছে।
অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকায় ৫৭ জনকে আটক করা হয়েছে।
অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টায় ১২০ জনকে প্রতিহত করা হয়েছে।
সীমান্তে নজরদারি
বিজিবি জানায়, সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১২০০-এর বেশি সদস্য দায়িত্বে রয়েছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান চলছে। সম্ভাব্য অনুপ্রবেশ রুটে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।
কিপূর্ণ এঝুঁলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও সীমান্ত পর্যবেক্ষণ চলছে। সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জনসহযোগিতার আহ্বান
সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। এ কাজে সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
