জার্মান প্রবাসী সমাজসেবী জয়নাল হক চৌধুরী চিরনিদ্রায় শায়িত
প্রকাশিত হয়েছে : ১২:১৬:৫৩,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত

চিরনিদ্রায় শায়িত হলেন – নিজ বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে —
—কহেল রানা চৌধুরীঃ
জার্মান প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও সাবেক চেয়ারম্যান জয়নাল হক চৌধুরী।
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও জার্মান প্রবাসী কমিউনিটি নেতা জয়নাল হক চৌধুরীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ২ ঘটিকায় স্থানীয় শাহগলী বাজার মাদ্রাসা মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে উপজেলার বারহাল ইউনিয়নের নিজ গ্রাম খিলোগ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পারিবারিক ও প্রবাস জীবন:
মরহুম জয়নাল হক চৌধুরী মরহুম হাকিম সিদ্দিক আলী চৌধুরীর সাত সন্তানের (চার ছেলে ও তিন মেয়ে) মধ্যে তৃতীয় ছেলে। তিনি আজ থেকে প্রায় ৪৭ বছর আগে ১৯৭৯ সালে জার্মানিতে পাড়ি জমান এবং বাঙালি কমিউনিটির মধ্যে সর্বপ্রথম পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়ে সপরিবারে সেখানে বসবাস শুরু করেন। ব্যক্তিগত জীবনে তিনি চার কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর একমাত্র ছেলে পিএইচডি হোল্ডার এবং পুত্রবধূ ব্যারিস্টার। জার্মানিতে অবস্থানকালে তিনি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ইসলাম প্রচারের উদ্দেশ্যে দুটি মসজিদ নির্মাণে মুখ্য ভূমিকা পালন করেন। এ ছাড়া ব্যবসায়িক জীবনে তিনি ‘সী ল্যান্ড সুপার মার্কেট’-এর এমডি হিসেবে দেশ-বিদেশে সুনাম অর্জন করেন।

সামাজিক ও সাংগঠনিক অবদান:
প্রবাসে থেকেও তিনি দেশের শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য দায়িত্ব ও অবদানের মধ্যে রয়েছে:
প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী: তিনি স্বনামধন্য বারহাল হাটুবিল গাউসিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের এসএমসি’র সাবেক সভাপতি ও অনারারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি জার্মান জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ইসলামিক সেন্টার জার্মান-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জার্মান মোবীন মসজিদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বারহাল ওয়েলফেয়ার ইয়ুথ সোসাইটি ও বারহাল ছাত্র পরিষদের আজীবন সদস্য ছিলেন।
তিনি বাহার কেমিক্যাল কোম্পানি ও জয়নাল মাইক-এর সাবেক এমডি ছিলেন।
উল্লেখ্য, মরহুম জয়নাল হক চৌধুরী সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরীর ভাসুর এবং বিশিষ্ট সমাজসেবী ও জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলালের বড় ভাই।
