দারুল হাদিস লতিফিয়া লন্ডনের আলিমিয়্যাহ ও হিফজ গ্র্যাজুয়েশন ২০২৬ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৩২,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

*অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়*
_হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী_
লন্ডন, ৭ নভেম্বর ২০২৬: যুক্তরাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়া লন্ডনের উদ্যোগে ‘আলিমিয়্যাহ ও হিফজ গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায় বেথনাল গ্রিন লাইব্রেরি হলে আয়োজিত এ অনুষ্ঠানে এ বছর মোট ১৫ জন শিক্ষার্থী তাঁদের আলিম ও হিফজ সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ পাগড়ি, সার্টিফিকেট ও সনদ গ্রহণ করেন।
এ বছর গ্র্যাজুয়েটদের মধ্যে ৮ জন পূর্ণকালীন কামিল কোর্স সম্পন্ন করেছেন, ৪ জন খণ্ডকালীন কোর্স সম্পন্ন করে কমিল সম্পন্ন করেছেন এবং ৩ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে পাগড়ি ও সনদ অর্জনের গৌরব লাভ করেছেন। তাঁদের এ অর্জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের জন্য এক আনন্দঘন ও গর্বের উপলক্ষ হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল উলামা, শায়খুল হাদিস, আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী এবং দারুল হাদিস লতিফিয়া ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আল্লামা আবদুল জলিল।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আবদুল ওয়াসি আরিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা ইলিয়াস হুসাইন, মুহাদ্দিস মাওলানা শেহাব উদ্দিন, মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মুফতি মাওলানা আশরাফুর রহমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, মাওলানা আবদুল আউয়াল হেলাল, প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আনহার আহমদ ও মুফতি মাওলানা মারুফ আহমদ, মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা ফয়সাল আহমদ, হাফিজ মাওলানা কয়েস উজ জামান, হাফিজ আলী হুসাইন, মাওলানা রাফি আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, নজরুল ইসলাম গজনবী, মাওলানা জয়নাল আবেদীনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, আলেম-উলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী তাঁর বক্তব্যে গ্র্যাজুয়েটদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাঁদের অর্জিত ইলমকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন, দ্বীনি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ, পাগড়ি কিংবা আলেম হিসেবে পরিচিতি অর্জন নয়; বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুসরণ এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।
তিনি গ্র্যাজুয়েটদের ইলমের সঙ্গে আমল, তাকওয়া, ইখলাস ও উত্তম আখলাকের সমন্বয় ঘটানোর পরামর্শ দেন। বিশেষভাবে কুরআন ও হাদিসের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করা, নিয়মিত অধ্যয়ন ও মুতালাআ অব্যাহত রাখা, মা বাবা ও উস্তাদদের সম্মান করা এবং দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়। একই সঙ্গে সমাজের নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দিতে
গ্র্যাজুয়েটদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এ অর্জন তাঁদের জীবনের একটি স্মরণীয় অধ্যায়। দীর্ঘদিনের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের ত্যাগ ও দোয়ার ফলেই তাঁরা আজকের এই সম্মান অর্জন করতে পেরেছেন। তিনি তাঁদের শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে অর্জিত জ্ঞান দ্বীনের খেদমতে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, সন্তানদের এই সাফল্যে অভিভাবকদের মধ্যে আনন্দ, আবেগ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়। তাঁদের অনেকেই সন্তানের দ্বীনি শিক্ষায় এই অর্জনকে পরিবারের জন্য এক বিশেষ নিয়ামত ও গর্বের বিষয় হিসেবে অভিহিত করেন। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের ত্যাগের কথাও তাঁরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গ্র্যাজুয়েটদের অভিভাবক, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। শত শত মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক আনন্দঘন, ভাবগম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।
দারুল হাদিস লতিফিয়া লন্ডন দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা, কুরআন-হাদিসের জ্ঞানচর্চা এবং নৈতিক ও আদর্শিক প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদানের পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসার ও আগামী প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানের সমাপ্তিতে গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনের খেদমতে তাঁদের সফলতা এবং প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিজ্ঞপ্তি
