স্পিকারের কানাইঘাট-জকিগঞ্জ সফর: প্রত্যাশা ও দাবি
প্রকাশিত হয়েছে : ১১:৪১:৫৫,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত

মাননীয় স্পিকার, কানাইঘাট-জকিগঞ্জে আপনাকে স্বাগতম।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জাতীয় সংসদের স্পিকার। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী তিনি দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরই তাঁর প্রটোকলগত অবস্থান। আগামী ৩ ডিসেম্বর তিনি কানাইঘাট-জকিগঞ্জ সফরে আসছেন বলে ইতোমধ্যে সবাই কমবেশি জানতে পেরেছেন।
হাফিজ উদ্দিন আহমদের জীবন বর্ণময় ও বহুমাত্রিক। সৈনিক জীবন দিয়ে শুরু করে তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন। সুঠাম দেহের অধিকারী এই ক্রীড়াবিদ মিলিটারি একাডেমির প্রশিক্ষকও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি প্রবাদতুল্য বীরসেনানি।
১৯৭১ সালের ৩১ জুলাই সংঘটিত কামালপুরের যুদ্ধ এবং একই বছরের নভেম্বরে সংঘটিত কানাইঘাটের যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে। সীমান্তবর্তী হওয়ায় কানাইঘাট দুই পক্ষের কাছেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানি বাহিনী সেখানে প্রথমে শক্ত অবস্থান গড়ে তোলে। মুক্তিবাহিনী বুঝতে পারে, কানাইঘাটে পাকিস্তানি বাহিনীর পতন ঘটাতে পারলে সিলেট অঞ্চল দখল করা সহজ হবে।
১৫ ও ২১ নভেম্বর জকিগঞ্জ ও আটগ্রাম মুক্ত হলে কানাইঘাট মুক্ত করাই মুক্তিবাহিনীর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। ২৮ নভেম্বর ভোররাতে পাকিস্তানি বাহিনী হঠাৎ নিজেদের প্রতিরক্ষা অবস্থান ছেড়ে প্রথম ইস্ট বেঙ্গলের ওপর প্রচণ্ড আক্রমণ শুরু করে। ক্যাপ্টেন মাহবুবুর রহমানের নেতৃত্বাধীন আলফা কোম্পানি চরম বিপর্যয়ের মুখে পড়ে। বৃষ্টির মতো গোলাগুলিতে মুক্তিযোদ্ধারা বিপর্যস্ত হয়ে পড়লে ক্যাপ্টেন মাহবুব তাঁদের উজ্জীবিত করেন এবং পাল্টা আক্রমণ শুরু হয়। তুমুল গোলাগুলির মধ্যে পাকিস্তানিদের ছোড়া একটি শেল তাঁর শরীরে আঘাত করলে তিনি শহীদ হন। তবে এই যুদ্ধে মুক্তিবাহিনী জয়লাভ করে।
শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের স্মৃতি অমর করে রাখতে ১৯৯৪ সালের ৭ মে দিনাজপুরের পার্বতীপুরের খোলাহাটিতে বীরউত্তম শহীদ মাহবুব সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়। বীরউত্তম খেতাবধারী চিরকুমার এই বীর কানাইঘাট উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন।
ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিশ্বস্ত সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই সফরে স্পিকার তাঁর কবর জিয়ারত এবং স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন।
মুক্তাঞ্চল ঘোষণা
কানাইঘাট ও জকিগঞ্জ একই বৃন্তে দুটি ফুল, একই শরীরের দুটি অপরিহার্য অঙ্গ। আমার জানামতে স্পিকার এই সফরে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করবেন। তাই কানাইঘাটকেও একই সঙ্গে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার দাবি জানাই। এতে সফর পরিপূর্ণতা পাবে বলে আমার বিশ্বাস।
আবুল হারিছ চৌধুরীর কবর জিয়ারত
ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবর জিয়ারতের সময় অদূরে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, বৃহত্তর সিলেটের কৃতী সন্তান মরহুম আবুল হারিছ চৌধুরীর কবর জিয়ারতও সফরসূচিতে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি দখলদার বাহিনীর কবল থেকে দেশ মুক্ত করার লড়াইয়ে জীবন বাজি রেখেছেন। এটি একদিকে একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান, অন্যদিকে এ অঞ্চলের মানুষের আবেগের যথার্থ মূল্যায়ন হবে। কারণ আবুল হারিছ চৌধুরী এ অঞ্চলের মানুষের কাছে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগের নাম।
মুক্তিযুদ্ধ জাদুঘর
শুনেছি, স্পিকারের সফরসঙ্গী হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবেন। কানাইঘাট ও জকিগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য দুটি অঞ্চল। এ দুই এলাকার মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সরকারি পৃষ্ঠপোষকতায় যেকোনো স্থানে মরহুম আবুল হারিছ চৌধুরীর নামে একটি “মুক্তিযুদ্ধ জাদুঘর” স্থাপনের জোর দাবি জানাচ্ছি।
জনগুরুত্বপূর্ণ দাবি
কানাইঘাট ও জকিগঞ্জে সমস্যার শেষ নেই; সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়। তবে বিশেষভাবে দুটি বিষয় উল্লেখ করতে চাই:
প্রথমত, কানাইঘাটের বরাক ও লোভা নদীর মোহনায় একটি সেতু, আটগ্রামে সুরমা নদীর ওপর একটি সেতু এবং মমতাজগঞ্জ বাজারের কাছে একটি সেতু নির্মাণ সময়ের গুরুত্বপূর্ণ জনদাবি।
দ্বিতীয়ত, স্পিকার নিজে একজন স্বনামধন্য ফুটবলার ছিলেন। তাই কানাইঘাট ও জকিগঞ্জে দুটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ অত্যন্ত জরুরি। বর্তমান সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনায় খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সফরকালে স্পিকারের সদয় দৃষ্টি আকর্ষণ করা গেলে কানাইঘাট-জকিগঞ্জের মানুষের আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কানাইঘাট-জকিগঞ্জ সফর আলোকিত, সুখময়, আনন্দময় ও নিরাপদ হোক, এটাই আমাদের সবার প্রত্যাশা।
লেখক: মো. ফরিদ উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা
