১৯ বিজিবির অভিযানে কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ সাড়ে ৩৮ লাখ টাকার মালামাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:২৪,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর ২০২৬
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস, জিরা, চা-পাতা, কম্বল, পাতার বিড়ি ও গরুসহ প্রায় ৩৮ লাখ ৫৯ হাজার টাকা সিজারমূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, ২১ নভেম্বর সকাল আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।

এ ছাড়া গত ২০ নভেম্বর রাতে জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করা হয়।

দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি
