স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২:০৮:৪৯,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত

জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের জকিগঞ্জ আগমন উপলক্ষে খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান জাতীয় সংসদের স্পিকার মহোদয়ের জকিগঞ্জে আগমন জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। তাঁর এ সফরকে কেন্দ্র করে যে ঐতিহাসিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা কোনো নির্দিষ্ট দল বা সংগঠনের নয়; বরং এটি সমগ্র জকিগঞ্জ-কানাইঘাটবাসীর আয়োজন। তাই দল-মত, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ আয়োজন সফল করতে হবে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জের ঐতিহাসিক অবদান ও দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে এ জনপদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে রাষ্ট্রীয়ভাবে তুলে ধরার ক্ষেত্রে স্পিকারের এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর আগমনকে কেন্দ্র করে জকিগঞ্জের ইতিহাসে নতুন একটি অধ্যায় সংযোজিত হতে যাচ্ছে। আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নাগরিক সংবর্ধনা ও ঐতিহাসিক অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে খেলাফত মজলিসের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তিনি এ আয়োজনকে সফল করতে সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সহ সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর, মোঃ আব্দুল কুদ্দুস ও মাওলানা ফরিদ উদ্দিন প্রমূখ।
এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে আগামী ৩ ডিসেম্বরের আয়োজন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দুটি পৃথক কমিটি গঠন করা হয়। জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামকে আহ্বায়ক এবং উপজেলা শাখার সহসভাপতি জুবায়ের আহমদ চৌধুরী আলমগীরকে সদস্য সচিব করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। অপরদিকে উপজেলা শাখার সহসভাপতি মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং উপজেলা শাখার প্রচার সম্পাদক রহমত আলী হেলালীকে সদস্য সচিব করে একটি প্রচার কমিটি গঠন করা হয়।
সমাবেশে আগামী ৩ ডিসেম্বরের ঐতিহাসিক আয়োজন সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, ব্যাপক প্রচার-প্রচারণা এবং সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
