১৯ বিজিবির অভিযানে কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ ১৪ লাখ টাকার মালামাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৫৬,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ১৩ নভেম্বর ২০২৬: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় কসমেটিকস, শাড়ি, কফি, চিনি ও দুটি গরুসহ প্রায় ১৪ লাখ ১৫ হাজার ৩০০ টাকা সিজারমূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, ১৩ নভেম্বর সকাল আনুমানিক ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ ভেতরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৩টি ভারতীয় শাড়ি, ২১০টি নিভিয়া লোশন, ৪২০টি বডি স্প্রে, ৩০২টি ফেসওয়াশ, ২৫ কেজি কফি ও ১০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১৩ লাখ ১৫ হাজার ৩০০ টাকা।

একই দিন সকাল ৮টা ১০ মিনিটে গুয়াবাড়ী বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে গুয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু জব্দ করা হয়, যার সিজারমূল্য ১ লাখ টাকা।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১৪ লাখ ১৫ হাজার ৩০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
