সিলেটের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই
প্রকাশিত হয়েছে : ১:২২:১৪,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২৫ বার পঠিত

সিলেটের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
জানাজা ও দাফন
শুক্রবার বাদ জুমা সিলেট নগরীর শাহজালাল উপশহর এ ব্লক জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের জামাতা শিল্পী ও চিকিৎসক জহিরুল ইসলাম অচিনপুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে।
শোকবার্তায় তাঁরা বলেন, মরহুম নুরুল আম্বিয়া চৌধুরী ছিলেন একজন খ্যাতিমান চিকিৎসক এবং সজ্জন ও সমাজহিতৈষী ব্যক্তি। নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন শুভাকাঙ্ক্ষীকে হারালো। আর্তমানবতার কল্যাণে তিনি সবসময় কাজ করে গেছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতবাসী করুন, আমিন।
