১৯ বিজিবির অভিযানে জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১২:৫০:৪৪,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২১ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মহিষ, গরু, জিরা ও চিনিসহ প্রায় ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা সিজারমূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ ভেতরে দারুরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ করা হয়।

এ ছাড়া ২০ নভেম্বর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গরু, জিরা ও চিনি জব্দ করা হয়।

দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।
